৭১ টিভির পারভেজ চাকরি হারালেন
ইলিয়াসের নাম ভাঙিয়ে চাঁদাবাজি; পদ হারালেন ৭১ টিভির পারভেজ
সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর এম এইচ খান পারভেজকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শুক্রবার বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পরই এ ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, পারভেজ সম্প্রতি তারই এক সাবেক নারী সহকর্মীর কাছে সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে টাকা দাবি করেন। টাকা না দিলে অপতথ্যভিত্তিক প্রতিবেদন প্রচারের হুমকিও দেন তিনি।
শুধু ইলিয়াস হোসাইন নন—জনপ্রিয় সাংবাদিক পিনাকী ভট্টাচার্য, ড. কনক সরওয়ার এবং বিএনপি নেতাদের নাম ব্যবহার করেও একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছেন পারভেজ। বাংলা এডিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব ঘটনার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে ইলিয়াস, পিনাকী বা কনক সরওয়ারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
এ ছাড়া, এ বছরের মার্চ মাসে এক নারী সহকর্মী পারভেজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন। তখন তিনি লিখিতভাবে ক্ষমাও চান। অভিযোগ আছে, বার্তা প্রধান ও প্রধান অপারেটিং কর্মকর্তা শফিকুল আহমেদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে পারভেজ অফিসে প্রভাব খাটাতেন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালাতেন। যদিও শফিকুল আহমেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলা এডিশনে সংবাদ প্রচারের পরপরই ৭১ টিভি কর্তৃপক্ষ পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জানা গেছে, সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগও স্বীকার করেছেন পারভেজ।
বাংলা এডিশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বা সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে ০১৭৮৫৪৭৬৫৮৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


















