রিউমার স্ক্যানার
মুজিবকে ঘিরে অর্থের বিনিময়ে পোস্ট: কী বলছে রিউমার স্ক্যানার
গতকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকবার্তা জানিয়েছেন দেশের বহু তারকা। তবে এ নিয়ে অনলাইনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, কিছু শিল্পী নাকি অর্থের বিনিময়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দিয়েছেন।
বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ জানায়—এ অভিযোগ সম্পূর্ণ ভুয়া।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টে কথিত একটি ব্যাংক স্টেটমেন্টের ছবি যুক্ত করা হয়। সেখানে দাবি করা হয়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) একটি অ্যাকাউন্ট থেকে ৯ জন শিল্পীর অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা পাঠানো হয়েছে।
রিউমার স্ক্যানারের তদন্তে দেখা যায়—
উক্ত ব্যাংকের আসল অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের হলেও ভুয়া স্টেটমেন্টে ১৩ সংখ্যার নম্বর ব্যবহার করা হয়েছে।
যাচাই করে সেই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্ট পাওয়া যায়নি।
এসসিবির মূল স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম দেখানো হয় না, অথচ ভাইরাল হওয়া তথাকথিত স্টেটমেন্টে নাম উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেট ব্যবহার করে এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই টেমপ্লেট দিয়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরির ঘটনা ঘটেছে।
রিউমার স্ক্যানারের মূল্যায়ন—এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি একটি ভুয়া তথ্য, যার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।















