মেহেরপুরে ১২২টি হারানো মোবাইল ও টাকা ফিরিয়ে দিল পুলিশ
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময়ে হারানো ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ১২২টি মোবাইল ফোন এবং দশ লাখ টাকার বেশি অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
জানা গেছে, গত জুন ও জুলাই মাসে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নয় লাখ ১৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনা উদঘাটন হয়। পাশাপাশি বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ভুলক্রমে পাঠানো এক লাখ এক হাজার তিনশ’ টাকাও উদ্ধার করা হয়।
মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৪১টি, গাংনী থানার ৬৪টি এবং মুজিবনগর থানার ১৭টি রয়েছে। উদ্ধার হওয়া সম্পদ ফেরত পেয়ে অনেক ভুক্তভোগী স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, এতদিন মনে করতেন হারানো মোবাইল কিংবা ভুলক্রমে পাঠানো টাকা ফেরত পাওয়া যায় না। কিন্তু পুলিশের উদ্যোগে তা ফিরে পেয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, “মেহেরপুরে কেউ মোবাইল হারানোর পর জিডি করলে ভুক্তভোগীদের তদবীর ছাড়াই পুলিশ তা উদ্ধারে কাজ করে। হারানো জিনিস বা টাকা ফেরত পাওয়া যায় না—এই ধারণা বদলাতে হবে। জনগণকে পুলিশের সহায়তা নিতে হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান (প্রশাসন ও অর্থ), আবদুল করিম (সদর সার্কেল), ডিবির ওসি গোপাল কুমারসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















