চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ীর মৃ-ত্যু হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার লালব্রীজ টাইগার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫০)। তিনি আলমডাঙ্গা পৌরসভার হাউসপুর গ্রামের মৃত রেহেমান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সাইকেল বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো বুধবারও তিনি সাইকেল নিয়ে ব্যবসায়িক কাজে বের হন। দুপুরে টাইগার মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুর্ঘটনার পর আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুত গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং দায়ী চালককে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেশীরা জানান, আব্দুর রাজ্জাক ছিলেন শান্ত-সৌম্য স্বভাবের মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাইকেলের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ এভাবে তাঁর মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, টাইগার মোড় এলাকায় প্রায়ই দ্রুতগামী যানবাহন চলাচল করে এবং যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত এ এলাকায় ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।















