গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা
আলমডাঙ্গা ফরিদপুর ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে জনসংযোগে শরীফুজ্জামান
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজার ও ডামোস গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল রোববার বিকেল ৫টায় তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রাণবন্ত প্রচারণায় অংশ নেন। জনসংযোগকে ঘিরে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নেতা-কর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় শরীফুজ্জামান শরীফ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি এ দেশের মায়ের অশ্রু, কৃষকের শ্রমঘাম, যুবকের আশা ও নিপীড়িত মানুষের মুক্তির প্রতিচ্ছবি। যখনই মানুষ দুঃখ-কষ্টে ভুগেছে, তখনই তারা ধানের শীষকে ভরসা করেছে। আজ আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র বন্দী। এ অধিকার জনগণের শক্তিতেই ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানো, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। অন্যায়, গুম-খুন, দুর্নীতি ও লুটপাট বন্ধ হলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে। আপনারা ধানের শীষে ভোট দিলে ইনশাআল্লাহ গণতন্ত্রের জয় হবে, জনগণের অধিকার ফিরবে এবং আমাদের আগামী প্রজন্ম মাথা উঁচু করে বাঁচতে পারবে।”
জনসংযোগে অংশ নেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহসভাপতি দেলোয়ার জাহান ঝণ্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
স্থানীয়দের মতে, শরীফুজ্জামান শরীফের এই প্রচারণা নতুন করে দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখবে।


















