চুয়াডাঙ্গা বিএনপি: গণতন্ত্র রক্ষায় তৃণমূল ঐক্যবদ্ধ
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভায় জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। দলের জন্মই হয়েছিল ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে। তিনি সতর্ক করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষাখাতে নৈরাজ্য ও স্বাস্থ্যসেবায় অরাজকতার কারণে মানুষ দিশেহারা। এই সংকটকাল থেকে উত্তরণে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে।
এ মন্তব্য তিনি গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় করেন। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মতিউর রহমান বিশ্বাস।
শরীফুজ্জামান শরীফ বলেন, “আমরা চাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণ নিজস্ব রায়ের মাধ্যমে সরকার গঠন করবে। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করা জরুরি। আজকের কর্মীসভা প্রমাণ করে, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ এবং যেকোনো আন্দোলনের জন্য প্রস্তুত। মানুষের পাশে থেকে কাজ করলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না।”
তিনি কর্মীদের উদ্দেশে আরও বলেন, “প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা জানতে হবে এবং সমাধানের জন্য দলীয় অবস্থান ব্যাখ্যা করতে হবে। সাহস ও ঐক্যবদ্ধতায় আন্দোলন সফল হবে। আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতার নিশ্চয়তা থাকবে। বিএনপি কখনো একনায়কতন্ত্র মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। জনগণই এ দেশের মালিক, আমরা তাদের সেবক।”
কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি ইন্তাজ আলী, খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, মিল্টন, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ সহ ৬ নম্বর ওয়ার্ড ও তালতলা গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


















