জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ কর্মসূচি আকন্দবাড়ীয়ায়
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকন্দবাড়ীয়া গ্রামে ব্যাপক গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েক দফায় এই কর্মসূচি চলে।
গণসংযোগকালে অ্যাড. রাসেল বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করতে হলে কৃষকদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, “খাদ্য উৎপাদন, পোশাক শিল্পের কাঁচামাল থেকে শুরু করে রপ্তানি আয়ের বড় অংশই আসে কৃষি খাত থেকে। অথচ দেশের কৃষকরা এখনো ন্যায্য দাম, পর্যাপ্ত ভর্তুকি এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত। কৃষকদের অধিকার সুরক্ষিত না হলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে হবে। কৃষিকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে সাজাতে হবে। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মোমিন ও সেক্রেটারি মতিউর রহমান উপস্থিত ছিলেন।
পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি মো. লিটন আলী। বক্তারা বলেন, কৃষি হলো দেশের প্রাণ, আর কৃষকের উন্নয়ন ছাড়া জাতির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


















